জগন্নাথপুরে করোনায় মৃতের লাশ দাফন নিয়ে আতঙ্ক
আজম রেহমান । উত্তরদক্ষিণ
ঠাকুরগাঁও: বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৪৫
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কলোনীতে খয়রুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন। পরে মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য এম্বুলেন্সযোগে এলাকায় নিয়ে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মাঝে।
পরে দীর্ঘ ৮ ঘন্টা পর ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের হস্তক্ষেপে আসরের নামাজের পরে স্বাস্থ্যবিধি মেনে মৃতব্যক্তির দাফন সম্পন্ন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার ভলান্টিয়ার টিম।
খয়রুল সত্যপীর ব্রীজ জামে মসজিদের সভাপতি ও অবসরপ্রাপ্ত পৌর কর্মচারি ছিলেন।
সোমবার করোনা পজেটিভ আসায় তাকে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে তার লাশ এলাকায় নিয়ে আসলে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও ভয়ের কিছু নেই। কারণ করোনায় আক্রান্ত হয়ে মৃতব্যক্তির যেভাবে স্বাস্থ্যবিধি মেনে দাফন ও সৎকার করা হয় সেভাবেই এই মৃতব্যক্তির দাফন করা হচ্ছে। যারা মৃতব্যক্তির সংস্পর্শে এসেছে তাদের তালিকা ও নমুনা সংগ্রহের নিদের্শ দেয়া হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে।
তিনি বলেন, “স্বয়ং জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম মহোদয় বিষয়টি মনিটরিং করছেন।”
এদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও শিশু কনসালটেন্ট এবং রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলার সিভিল সার্জন এ তথ্য জানিয়েছেন।
এদের মধ্যে সদর উপজেলায় ০৬ জন ও রাণীশংকৈলে ০১ জন।
এ পর্যন্ত জেলায় সর্বমোট সনাক্ত রোগীর সংখ্যা ৫৫২ জন । যাদের মধ্যে ২৯১ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ী ফিরেছেন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ০৯ জনের।

