ভোরের কাগজের সাংবাদিক বেলায়েত আর নেই
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:১০
ভোরের কাগজের সম্পাদনা সহকারী ইনচার্জ ও সিনিয়র সাংবাদিক মো. বেলায়েত হোসেন আর নেই। বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকার গোড়ানের ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
ভোরের কাগজ সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি সর্বশেষ গত ১৯ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের শরণাপন্ন হন। এরপর কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার কির্তীবাসদি গ্রামে।

