রায়পুরে ১৫ বছরেও সংস্কার হয়নি কেসব চন্দ্র শীল সড়ক
মো: আবদুল কাদের । উত্তরদক্ষিণ
লক্ষ্মীপুর: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১২:২২
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৫নং ওয়ার্ড কেসব চন্দ্র শীল সড়কটি দীর্ঘ ১৫ বছর যাবৎ সংস্কার না হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ছাত্র-ছাত্রীসহ জনগণের চলাচলের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় পাঁচ কি: মি: দীর্ঘ এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।
এছাড়া সামান্য বৃষ্টিতে এ সড়কে রিক্সা-গাড়ি দূরের কথা হেঁটে চলাই মুশকিল। সড়কটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামত না করায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসির মাঝে।
অতি বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় অনেক গর্ত সৃষ্টি হয়ে পড়েছে। এটি যেন এক মরণ ফাঁদ। সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে ময়লা আবর্জনা স্তুপ থেকে বিভিন্ন রোগের জীবাণুর বংশ বিস্তার হচ্ছে। ফলে পথচারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। দেখার যেনো কেউ নেই।
সড়কের মাঝখানে থাকা বড়-বড় গর্তে অটোরিকশা, সাইকেল, হোন্ডা প্রতিনিয়ত উল্টে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। ঝুঁকি নিয়েই এই এলাকার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ১৫ বছর আগে সড়কটি ইটের সলিং করে মেরামত করা হলেও এখন তেমন একটা ইট দেখা যায় না। প্রতিনিয়ত এ সড়ক দিয়ে যাতায়াত করে প্রায় ১৫-২০ হাজার মানুষ। এছাড়া শিবপুর গ্রামের লোকজন ও যাতায়াত করে থাকেন। গুরুত্বপূর্ণএ সড়কটি অতিদ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এ বিষয়ে. ওয়ার্ড কমিশনার মো: নোমান হোসেন সাথে কথা হলে তিনি বলেন, “আমাদের রায়পুর পৌরসভার রাস্তা করার মতো আমাদের নিজস্ব কোন ফান্ড নেই। হাইকোর্টে মামলা থাকার কারণে আমাদের পৌরসভার রাজস্ব কোন আয় নেই। পৌরসভার রাজস্ব আয় থেকে এগুলো করতে হয় আমাদের। এই কারণে এ কাজগুলো বন্ধ। রাজস্ব আদায় করা সম্ভব না হলে কাজ করা সম্ভব না। যখন হাইকোর্টে মামলা নিষ্পত্তি হবে তখন রাজস্ব আদায় হলে কাজ করবো। তারপরও আমি রাস্তার বিষয়ে চেষ্টা করছি কোনদিক থেকে ব্যাবস্থা করে রাস্তার কাজ করা যায় কিনা”

