বাজার মূলধন কমেছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি
উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৫৩
শেয়ারবাজারে গেলো সপ্তাহের অধিকাংশ সময় সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা ছিল। এ সময় সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর ধারাবাহিকতায় কমেছে বাজার মূলধনও। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৯ হাজার ৬১২ কোটি টাকা।
শনিবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে গেলো সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকা। আগের সপ্তাহের বাজার মূলধন ছিল ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৬১২ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে ডিএস ৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯২ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে।
গেলো সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ২৭ লাখ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৮ শতাংশ কম। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৪ কোটি টাকা। ডিএসইতে গেলো সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৩১৬ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৩৭৪ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে, ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির শেয়ার ও ইউনিটের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৪০টির। এছাড়া, অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি অংশ ছিল বস্ত্র খাতের। যা মোট দৈনিক গড় লেনদেনের ১৭ দশমিক ৬৭ শতাংশ। এরপর ওষুধ ও রসায়ন খাতের অংশগ্রহণ ছিল ১৩ দশমিক ৬৯ শতাংশ। এরপর ছিল ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, সাধারণ বিমা ও প্রকৌশল খাতের লেনদেনের অবস্থান।
এদিকে, ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মালেক স্পিনিং, টেকনো ড্রাগস, আইটিসি, শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং ব্রাক ব্যাংক।
ইউডি/কেএস

