মধুপুরের ইউএনও আরিফা জহুরা করোনায় আক্রান্ত
মো: আ: হামিদ । উত্তরদক্ষিণ
মধুপুর (টাঙ্গাইল): শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪০
টাঙ্গাইলের মধুপুরের উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) প্রাপ্ত নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ আসে।
ইউএনও আরিফা জহুরা‘র করোনা আক্রান্তের বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, হালকা ঠান্ডা আর ঘ্রাণশক্তি লোপ পাওয়া ছাড়া তাঁর এই মুহূর্তে তেমন কোনো সমস্যা নেই। বর্তমানে তিনি মধুপুরে সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, ইউএনও আরিফা জহুরা একজন সৎ, দ্বায়িত্বশীল এবং দূর্নীতির বিরুদ্ধে আপোষহীন কর্মকর্তা হিসেবে মধুপুর বাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে এবং সামাজিক উন্নয়মূলক কর্মকান্ডে অসামান্য অবদান রাখার কারণে আগে থেকেই তার নাম ছিলো মধুপুর বাসীর মুখে মুখে। পরবর্তীতে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রায় পাঁচ মাস ধরে তিনি মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন সম্মুখ যোদ্ধা হিসেবে। জনসচেতনতায় এ যাবৎ তার নেয়া প্রতিটি পদক্ষেপ ছিলো প্রশংসনীয়। লকডাউনে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসহ বিভিন্ন সহায়তা দেয়া, জনসমাগম এড়াতে অভিযান চালানো, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়া রোগীদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা, আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নেওয়া, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে তিনি মধুপুরে সদা তৎপর।
এছাড়াও, নমুনা সংগ্রহের জন্য মধুপুর উপজেলা পরিষদ একটি বিশেষায়িত গাড়ির ব্যবস্থা করেছেন। গাড়ির নাম দেওয়া হয়েছে ‘নমুনা সংগ্রহের গাড়ি’। ইউএনও আরিফা জহুরা এই গাড়িটির ব্যবস্থা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই গাড়িতেই গত সোমবার তাঁর নমুনা নিয়ে যাওয়া হয়। তিনি নিজের সুস্থতা কামনায় মধুপুর বাসীর দোয়া কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

