মায়ের স্বপ্ন পূরণে মানুষ হওয়ার সংগ্রামে লিপ্ত: মেয়র তাপস

মায়ের স্বপ্ন পূরণে মানুষ হওয়ার সংগ্রামে লিপ্ত: মেয়র তাপস

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৫৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমার মায়ের স্বপ্ন ছিল আমরা মানুষ হব। সেই মানুষ হওয়ার সংগ্রামে আমরা এখনও লিপ্ত।’

তিনি বলেন, ‘জানি না কতটুকু মানুষ হতে পেরেছি। মায়ের আশা পূরণ করতে পেরেছি কি না জানি না, তার স্বপ্ন পূরণ করতে পেরেছি কি না জানি না। কিন্তু এ সংগ্রাম চলবে।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার-পরিজন এবং অন্যদের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) নগর ভবনে ডিএসসিসি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘যখনই যেই দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে বা হবে, সেই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথেই পালন করব। যাতে করে মা, বেহেশত থেকে কোনো সময় মন খারাপ না করে বলে – তাপস, তুই তো মানুষ হতে পারলি না।’

ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘আমরা শুধু আমাদের পিতা-মাতাকেই হারাইনি, আমি আর আমার বড় ভাই শেখ পরশ, আমরা দীর্ঘ ২১ বছর আমাদের পিতা-মাতার হত্যাকারীদের বিচারও চাইতে পারিনি। খুনি-কুচক্রী মহল ২১ বছর বিচারের পথ রুদ্ধ করে রেখেছিল। শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হলে বঙ্গবন্ধু-বঙ্গমাতাসহ আমাদের পিতা-মাতার হত্যাকারীদের বিচারের সুযোগ তৈরি হয়।’ – ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading