জাতির জনক সব মানুষের: জাপা চেয়ারম্যান

জাতির জনক সব মানুষের: জাপা চেয়ারম্যান

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৪০

জাতীয় পার্টি (জাপা) চেয়াম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতির জনক কোনও দল বা গোষ্ঠির হতে পারে না। জাতির জনক সব দলের, দেশের সব মানুষের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
উল্লেখ করে তিনি বলেন, আজকে যারা রাজনীতি করছে, সকলের উচিত জাতির জনককে মেনে নিয়ে রাজনীতি করা। তার অবদানকে স্বীকার করেই রাজনীতি করতে হবে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবের বিষয়টি তুলে ধরে সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশে করোনাভাইরাসের প্রকোপ কমছে না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে এখন করোনা চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে। সংক্রমণ কমছে না। কিন্তু কোভিড হাসপাতালগুলোকে নন কোভিড করা হচ্ছে। কোনও কোনও হাসপাতাল থেকে করোনা রোগীদের বের করে দেয়া হচ্ছে। করোনা রোগীরা অক্সিজেন কিনে বাড়িতে চকিৎসা নিচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

গোলাম মোহাম্মদ কাদের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধ এবং দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, দেশে এখনো বন্যা এবং করোনা সংক্রমণ চলছে। তাই জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের করোনা আক্রান্ত এবং বন্যার্তদের সহায়তা করতে অনুরোধ করছি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আজম খান, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন।

সভা পরিচালনা করেন- জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আখতার এমপি, উপদেষ্টামন্ডলীর সদস্য এ্যাড. নুরুল আজহার শামীম, শাহ-ই আজম, পনির আহমেদ এমপি, মোঃ নুরুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সুলতান আহমেদ সেলিম, শফিউল্লাহ শফি, জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading