আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি’র বিদায়, সাকিব-মুশফিকদের শুভেচ্ছা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি’র বিদায়, সাকিব-মুশফিকদের শুভেচ্ছা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:২০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

ইনস্টাগ্রাম পোস্টে ধোনি লেখেন, ‘আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন।’

চলতি সপ্তাহে চেন্নাই সুপার কিংসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে চেন্নাই পৌঁছোতে দেখা গিয়েছে ধোনিকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহীতে শুরু হতে চলা আইপিএলে সম্ভবত খেলতে পারেন ধোনি।

প্রসঙ্গত, ক্রিকেট থেকে ধোনির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্রিকেট পাড়ায় জল্পনা চলছিল। তবে বরাবরই নিজের অবসর নেওয়ার কথা সন্তর্পণে এড়িয়ে যেতেন ক্যাপ্টেন কুল।

সাকিব-মুশফিকদের বিদায়ী শুভেচ্ছা
এদিকে ধোনিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সবাই নিজ নিজ ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন এ কিংবদন্তি ক্রিকেটারকে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম লিখেছেন, ‘খেলাটির সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিত্ব, জীবন্ত কিংবদন্তি এবং একজন চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।’

দলের আরেক সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আমার ক্যারিয়ারে আপনি অনেক বড় অনুপ্রেরণা ছিলেন। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকা, সিদ্ধান্ত নিতে পারা, ক্রিকেটীয় সামর্থ্যের অনেক বড় গুণমুগ্ধ আমি। আপনার অবসরের খবর শুনে খুবই কষ্ট পেয়েছি। ধন্যবাদ মাহি ভাই।’

তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের ফেসবুক পোস্ট, ‘আপনার সঙ্গে একই মাঠে খেলতে পারা আমার জন্য গর্বের ছিল। খেলাটির সত্যিকারের কিংবদন্তি। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’

বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস ধোনির সঙ্গে নিজের একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘সদা বিনয়ী এবং এর চেয়েও দারুণ একজন খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি অবসরে গেলেন। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে।’

গতিতারকা রুবেল হোসেনের মন্তব্য, ‘ক্রিকেটারের চেয়েও বেশি, খেলাটির সত্যিকারের ভদ্রলোক। সব স্মৃতি ও অভিজ্ঞতার জন্য ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading