বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত!
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৩০
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এতো ব্যপক সংখ্যক মানুষ আক্রান্ত হলো। এটি করোনা সংক্রমণের নতুন বিশ্ব রেকর্ড।
রবিবার (১৬ আগস্ট) এ খবর দিয়েছে বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির এক প্রতিবেদনে আরও বলা হয়, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৭১ হাজার মানুষের। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে আমেরিকায়। সেখানে মৃত্যু সংখ্যা ১ লাখ ৭০ হাজার আর আক্রান্ত হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ।
এদিকে, বিশ্বের অনেক দেশ করোনা সংক্রমণ কমে গেছে বলে ধারণা করছে। তারা লকডাউন তুলে নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করা বা মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ থেকে করোনা চলে যেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঠিক তখন করোনা সংক্রমণের নতুন বিশ্ব রেকর্ড নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।

