বঙ্গবন্ধুর আদর্শে আ.লীগকে সংগঠিত করার আহ্বান স্পিকারের

বঙ্গবন্ধুর আদর্শে আ.লীগকে সংগঠিত করার আহ্বান স্পিকারের

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৪০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগকে সংগঠিত করতে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার (১৬ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘দোয়া ও আলোচনা সভা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এ আহবান জানান। নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্পিকার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্য যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার সাহস, আপোষহীনতা, দেশপ্রেম ও মানুষের জন্য ভালবাসা এই গুণগুলোকে আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারব।

শোক দিবস উপলক্ষে এমন আয়োজনের জন্য তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন তার ছায়াসঙ্গী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও বেগম মুজিব, তাদের দুই পুত্র, দুই পুত্রবধূ ও শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়। এসময় ১৫ আগস্টে শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান স্পিকার।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রানার সভাপতিত্বে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাঈদুল ইসলাম পিন্টু, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাফেজ রফিকুল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading