জিয়াকে খাটো করার ‘অপচেষ্টা’ দেখছেন ফখরুল

জিয়াকে খাটো করার ‘অপচেষ্টা’ দেখছেন ফখরুল

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:০০

ক্ষমতাসীনরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে খাটো করার ‘অপচেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকে বিভিন্ন পত্র-পত্রিকায় দেখবেন, যিনি যুদ্ধ করলেন, একইসঙ্গে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, দেশকে জাগিয়ে তুললেন— মিথ্যা সব কথা বলে তাকে খাটো করার অপচেষ্টা করা হচ্ছে।’ রবিবার (১৬ আগস্ট) দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ‘আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন মির্জা ফখরুল।

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে খেলাধুলা, গান-বাজনা আর রাজনীতি বলুন— কোনোটাই দলীয়করণের বাইরে নয়। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার চেতনা, গণতান্ত্রিক সমাজ নির্মাণের চেতনায়। সেই চেতনাকে আমরা হারিয়ে ফেলেছি।’

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘যারা আজকে দেশ শাসন করছেন, তারা সেই চেতনাকে বিনষ্ট করে দিয়ে একদলীয় ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। এখানে খেলাধুলা আলাদা ব্যাপার নয়, ক্রীড়াঙ্গন আলাদা ব্যাপার নয়। পুরো রাষ্ট্রটাই এখন একটা দলের মধ্যে, চিন্তার মধ্যে চলে গেলো।’

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের সভাপতিত্বে ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের পরিচালনায় সভায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহিন, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব কাজী মহিউদ্দিন বুলবুল এবং ঢাকার পরাজিত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন বক্তব্য রাখেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading