যশোরে উন্নয়ন কেন্দ্রে ৩ শিশু খুন: ‘পুলিশ চাইলে ঠেকানো যেতো’

যশোরে উন্নয়ন কেন্দ্রে ৩ শিশু খুন: ‘পুলিশ চাইলে ঠেকানো যেতো’

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:২০

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে সমাজসেবা অধিদফতরের দুই সদস্যের তদন্ত কমিটি। রবিবার (১৬ আগস্ট) সকালে তারা আহত শিশু, কেন্দ্রের কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত কমিটি মনে করছেন, কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা চাইলে ঠেকানো যেতো বর্বরোচিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাটি।

তদন্ত কমিটির প্রধান ও সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মো. নুরুল বাসির সাংবাদিকদের জানান, তিনি এবং কমিটির অপর সদস্য উপপরিচালক (প্রতিষ্ঠান-২) এসএম মাহমুদুল্লাহ তদন্ত কাজ শুরু করেছেন। তারা মর্মান্তিক ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, নির্যাতনের শিকার ও কেন্দ্রে কর্মরত এবং নিরাপত্তায় নিয়োজিতদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দায়, অবহেলা আছে কিনা, কী কারণে এমন ঘটনা ঘটলো এবং পুনরাবৃত্তিরোধে কী কী করা দরকার সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ‘ঘটনার দিন দুপুর থেকে নির্যাতনের ঘটনা শুরু হয়। কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা চাইলে, একটু মানবিক বা তৎপর হলে বর্বরোচিত নির্যাতন কাণ্ড ঠেকানো যেতো।’ তদন্ত কমিটির প্রধান বলেন, তদন্তে অনিয়ম, খাবারের বিষয় ও ভবন সংস্কার বিষয়ে অনিয়মের খোঁজখবরও নেওয়া হবে।

এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত তিন সদস্যের কমিটিও তদন্ত চালাচ্ছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব অসিত কুমার সাহা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ২৮০ বন্দির নিরাপত্তায় ১৫ আনসার সদস্যের সঙ্গে ৮ পুলিশ সদস্য নিযুক্ত ছিল। গত ১৩ আগস্ট কেন্দ্র অভ্যন্তরে কর্মকর্তাদের সহায়তায় মারপিটের কারণে তিন কিশোর নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা করেছে। মামলায় কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ ৫ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে তারা পুলিশি রিমান্ডে আছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading