দুদক চেয়ারম্যানকে ফিরোজ রশীদের উকিল নোটিশ, মামলার হুমকি!
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৪০
হাইকোর্টের রায় ও আদেশ ‘অবমাননার’ অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ তিনজনকে উকিল নোটিশ পাঠিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এমকে রহমান রবিবার (১৬ আগস্ট) ওই নোটিশ পাঠান বলে জানা গেছে। এতে ৭২ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রত্যাহার ও বাতিল পূর্বক মামলা পরিচালনার পরবর্তী কার্যক্রম গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অন্যথায় দুদক চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়।
দুদক চেয়ারম্যান ছাড়াও দুদকের সাবেক উপপরিচালক ও বর্তমানে দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জুলফিকার আলী ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের বরাবর ওই নোটিশের কপি পাঠানো হয়।
এর আগে ‘সরকারি সম্পত্তি আত্মসাতের’ অভিযোগে দুদকের পক্ষ থেকে ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় গত ৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা। এতে জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ধানমন্ডি আবাসিক এলাকায় এক বিঘা ‘সরকারি জমি জাল দলিলের’ মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়। দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, রাজধানীর ৯/এ ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোডে এক বিঘা সরকারি জমিসহ বাড়িটির (প্লট নম্বর ১০, বাড়ি নম্বর ৬৫) ফিরোজ রশীদ জাল দলিলের মাধ্যমে আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৬ সালের ৬ এপ্রিল দুদকের তৎকালীন উপ-পরিচালক জুলফিকার আলী বাদি হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেছিলেন।
এর পর রবিবার ফিরোজ রশীদ এমপির আইনজীবী এম. কে রহমানের পাঠানো উকিল নোটিশে উল্লেখ করেন, দুদক (সংশোধন) আইন ২০১৬, ধারা ৮ এর বিধান অনুযায়ী উক্ত মামলা তদন্তের এখতিয়ার দুদকের নেই। তা সত্ত্বেও দুদক মামলাটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। এব্যাপারে দুদকের নিষ্ক্রিয়তা ও মামলাটি তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আদেশ চেয়ে ফিরোজ রশীদ ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত ২০১৭ সালের ২২ নভেম্বর রুল জারি করে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কে. এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত বছরের ১৭ জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করেন।
উকিল নোটিশে আরও বলা হয়, “হাইকোর্টের রুল এবসলিউট হওয়ার বিষয় অবগত হওয়া সত্ত্বেও নোটিশ গ্রহিতারা ইচ্ছাকৃতভাবে আদালতের রায় ও আদেশের প্রতি ‘চরম অসম্মান’ প্রদর্শন করে একে অপরের যোগসাজসে ৯ আগস্ট চার্জশিট দাখিল করেছেন, যা আদালত অবমাননার শামিল।” নোটিশ গ্রহিতাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রত্যাহার ও বাতিল পূর্বক মামলা পরিচালনার পরবর্তী কার্যক্রম গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় নোটিশে। এসময়ের মধ্যে চার্জশিট প্রত্যাহার করা না হলে ফিরোজ রশীদ সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী নোটিশ গ্রহিতাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এবিষয়ে কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, ‘উক্ত সম্পত্তি সরকারি নয়, এটা ব্যক্তিগত সম্পত্তি। এবিষয়ে মামলা করার কিংবা চার্জশিট দেওয়া দুদকের এখতিয়ারে পড়ে না।’ তবে দুদক কর্মকর্তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

