জামালপুরে হাসপাতাল কোয়ার্টার থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩১
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গাইনি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুলতানা পারভীন (৩৮)।
জানা গেছে, রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ নিয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক গণমাধ্যমকে জানান, শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে হাসপাতাল কোয়ার্টারের বাসায় ঘুমিয়ে পড়েন চিকিৎসক সুলতানা পারভীন। রবিবার সারাদিন বাসা থেকে কোনও সাড়া না পেয়ে সন্দেহ জাগে। পরে পুলিশসহ হাসপাতালের অন্যদের সঙ্গে নিয়ে কোয়ার্টারের তার রুমের দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেলান্দহে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান, প্রাথমিকভাবে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন বলে মনে হয়। তার শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
চিকিৎসক সুলতানা পারভীন ৩২ তম বিসিএসের মেডিকেলের (গাইনী) ছাত্রী ছিলেন। তাঁর পিতার নাম আলাউদ্দিন আজাদ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায়। ঢাকায় তার পরিবার মোহাম্মদপুরের মোহাম্মদী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ২৮/এ নং বাসায় বসবাস করতেন। তিনি মেলান্দহ হাসপাতালে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।

