দেশে করোনায় নতুন আক্রান্ত ২৫৯৫, মৃত্যু ৩৭ জন
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৩৫
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৯৫ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় বা কভিড-১৯ আক্রান্ত রোগী মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৪ জনে।
২৪ ঘণ্টায় ১২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের সংখ্যা পাওয়া গেছে বলে সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৭২ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৬।
অপরদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪১ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।

