সিনহা হত্যা: র্যাব কার্যালয়ে রিমান্ডে প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলাল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১০
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতকে ৭দিনের রিমান্ডে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ তিনজনকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
অন্যদিকে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় গত ৩১ জুলাই ঘটনাস্থল শামলাপুর পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকারী তিন এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে, তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত।
সাতদিনের রিমান্ড মঞ্জুর হওয়া তিন এপিবিএন সদস্য হলেন- এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। ঘটনার দিন এ তিনজনই এপিবিএনের তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করেছেন।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

