করোনায় আরও মৃত্যু ৪৬, নতুন আক্রান্ত ৩২০০ জন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৫০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ৩ হাজার ২০০ জনকে নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৪৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৪০ জন।
আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থতার মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে যারা মারা গেছেন তাদের ৩৫ জন পুরুষ এবং ১১ জন নারী। ৪৪ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১টি ল্যাবে ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

