ওসি প্রদীপের বিরুদ্ধে নামে আরেক হত্যা মামলা

ওসি প্রদীপের বিরুদ্ধে নামে আরেক হত্যা মামলা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৩০

সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে কথিত বন্দুকযুদ্ধে এক যুবককে হত্যার অভিযোগে আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-২) এর বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে নিহত ওই যুবকের মা গুল চেহারা ওই মামলা দায়ের করেন বলে জানান বাদীর আইনজীবী মো. আব্দুল বারী।

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামের ওই যুবক নিহতের ঘটনায় করা এ অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনার জন্য পুলিশ কর্মকর্তাদের সরাসরি দায়ীও করেন সাবেক সেনা কর্মকর্তারা। স্পর্শকাতর এ ঘটনায় ৯জন পুলিশ সদস্যর বিরুদ্ধে নিহতের বোনের করা মামলায় গ্রেপ্তার হয়ে র‌্যাবের রিমান্ডে আছেন ওসি প্রদীপ।

এই পরিস্থিতিতে ওসি প্রদীপসহ ২৭ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজারের বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে ওই যুবক হত্যার মামলা করা হলো। নতুন মামলায় অন্য আসামিরা হলেন- হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান, এএসআই মো. আরিফুর রহমান, এসআই সুজিত চন্দ্র দে, এসআই অরুণ কুমার চাকমা, এসআই মো. নাজিম উদ্দিন ভুঁইয়া, এসআই নাজিম উদ্দিন, এসআই কামরুজ্জামান, এএসআই আমির হোসেন, এএসআই কাজী সাইফুদ্দিন, এএসআই নাজিম উদ্দিন, এএসআই মাঈন উদ্দিন, এএসআই মাজাহারুল ইসলাম, এএসআই নঈমুল হক, এএসআই মিশকাত উদ্দিন, এএসআই রামধন চন্দ্র দাশ।

এছাড়াও আসামি করা হয়েছে, কনস্টেবল সাগর দেব, কনস্টেবল রুবেল শর্মা, কনস্টেবল আবু হানিফ, কনস্টেবল মো. শরিফুল ইসলাম, কনস্টেবল মো. আজিজ, কনস্টেবল দ্বীন ইসলাম, কনস্টেবল মো. বোরহান, কনস্টেবল মো. জসিম উদ্দিন, কনস্টেবল আব্দু শুক্কুর, কনস্টেবল মো. শেকান্দর ও কনস্টেবল মহি উদ্দিনকে। টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের দফাদার নুরুল আমিন ওরফে নুরুল্লাহ দফাদারও এ আসামির তালিকায় রয়েছেন।

আসামিদের মধ্যে নুরুল আমিন ছাড়া অন্যরা হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এবং টেকনাফ থানায় কর্মরত রয়েছেন। বাদী গুল চেহেরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার সুলতান আহমদ ওরফে বাদশার স্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading