এনআইডি’র ডিজিসহ ইসির ৭৯ জন করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ২১:১৫
নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের মোট ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) রয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এবং আরও ৫৭ জন রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বাকি ২১ জন আউটসোর্সিং খাতের জনবল।’
ইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে রাজস্ব খাতের কর্মকর্তা ২৬ জন এবং কর্মচারী ৩২ জন। মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর পর সাধারণ ছুটি শেষে জুনে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করা শুরু করেন। তখন কয়েকজনের কোভিড-১৯ শণাক্ত হয়। ২ মাসের মধ্যে এ সংখ্যা ৭৯ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৮জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। তবে ইসির কোনো কর্মী করোনাভাইরাসে মারা যাননি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

