পর্বতারোহী রেশমাকে ধাক্কা দেয়া গাড়ি জব্দ, চালক আটক
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:১৮
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা নাহারকে যে মাইক্রোবাসটি ধাক্কা দিয়েছিল এর চালককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে গাড়িটি।
জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর ইব্রাহিমপুর থেকে অভিযুক্ত চালক নাইমকে (২৭) আটক করা হয়। ৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চালক ও গাড়িটি শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
গাড়ি জব্দ ও চালক আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী ।
তিনি জানান, এই ঘটনার কিছু সময় আগে ও পরে মাইক্রোবাসটির যাত্রাপথ শনাক্ত করা হয়। তবে মাইক্রোবাসের নম্বর প্লেট স্পষ্ট না হওয়ায় প্রাথমিকভাবে ১১২টি মাইক্রোবাস নিয়ে কাজ করা হয়। পরে সিআইডি, পিবিআই ও বিআরটিএ’র সহায়তা নিয়ে কালো রংয়ের এই মাইক্রোবাস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
গত ৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহারকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার মামলা করে। ঘটনার ১১ দিন পর পুলিশ রেশমাকে ধাক্কা দেয়া গাড়ি শনাক্ত ও চালককে আটক করা হলো।

