করোনা: বিসিকের উপমহাব্যবস্থাপক তামান্না রহমানের মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৭:৫৫
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রংপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তামান্না রহমান (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পাঁচ ভাই, এক বোন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তামান্না রহমান গত ৭ আগস্ট নিউমোনিয়াজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে তার করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়।
রাজশাহী জেলায় ১৯৬৪ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করা তামান্না রহমান ১৯৯২ সালে বিসিকের ইউডিপি প্রকল্পে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালে উপব্যবস্থাপক হিসেবে রাজস্ব খাতে আত্মীকরণের মাধ্যমে নিয়মিত হন। – ইউএনবি।

