২১ আগস্টের কুশীলবরা এখনও ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:২০
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট যারা গ্রেনেড ছুঁড়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, সেই কুশীলবরা এখনও ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগের চারজেলার সাংবাদিকদের মাঝে করোনাকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘যারা দেশের স্বাধীনতা চায়নি, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিলো, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।’
তিনি আরও বলেন, ‘আজকেও যারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে তারাও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ২১ শে আগস্ট বঙ্গবন্ধুর মতো তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য বৃষ্টির মতো গ্রেনেড ছোঁড়া হয়েছিল। সেই কুশীলবরা এখনও ষড়যন্ত্র করছে।’
সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তথ্যমন্ত্রী বলেন, যারা দেশের বিরুদ্ধে, অর্থনীতির বিরুদ্ধে, স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অসম্প্রদায়িকতার বিরুদ্ধে আঘাত হানতে চায়, ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আরও সোচ্চার হতে হবে। -ইউএনবি

