ডা. সাবরিনা ও আরিফসহ ৮ জনের বিচার শুরু

ডা. সাবরিনা ও আরিফসহ ৮ জনের বিচার শুরু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৩৭

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. সরাফুজ্জামান আনছারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

এর আগে ১৩ আগস্ট হাকিম সরাফুজ্জামান আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম এএনএম জুলফিকার হায়াদ ৬ আগস্ট মামলার অভিযোগপত্র দেখেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন।

মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন – আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে ১৫ জুন কামাল হোসেন নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় এ মামলা করেন। গত ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনা ও আরিফসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। এতে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading