সিনহা হত্যা মামলা: ৩ এপিবিএন সদস্য রিমান্ডে
উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৩৫
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় কারাগারে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ানের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের জন্য হেফাজতে নিয়েছে র্যাব।মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম জানান, শনিবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। তারপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গত বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ শুনানি শেষে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। ওই তিন সদস্য হলেন- এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। সিনহাকে গুলি করার সময় তারা শামলাপুর চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।এ ঘটনায় সিনহার বোন মামলা করেন। সেই মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে রিামান্ডে নেওয়া হলো। তাদের মধ্যে চার পুলিশ সদস্যসহ সাতজনকে রিামান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ওসি প্রদীপসহ তিন আসামির পঞ্চম দিনের জিজ্ঞাসাবাদ চলছে।

