ওয়েবসাইট ভোগান্তিতে দুঃখ প্রকাশ ডিএসই’র
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৪০
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটের আপডেটেড ভার্সন চালুর পর থেকেই ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের। তবে এ ভোগান্তির সমাধান হয়েছে বলে জানিয়ে সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএসই কতৃপক্ষ।
রবিবার (২৩ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে ডিএসইর আইসিটি বিভাগ ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। এ কাজ করতে গিয়ে ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল। অনাকাংখিত সাময়িক এ সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
তবে রবিবার (২৩ আগস্ট) লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান করা হয়েছে৷
ডিএসই’র ওয়েবসাইট ব্রাউজ করতে যদি কোন অসুবিধা হয় বা পেজ লোডিং এ যদি কোন সমস্যা হয় বা সময় নেয় তবে ব্রাউজারের ক্যাশ/হিস্ট্রি ক্লিয়ার করলে এ সমস্যার সমাধান হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসই৷

