জামালপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে খুন
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৪৫
পারিবারিক কলহের জেরে জামালপুরের মাদারগঞ্জে স্ত্রী ও তিন বছরের সন্তানকে হত্যা করেছেন হারুন অর রশীদ পলাশ নামে এক ব্যক্তি। ঘটনার পর ঘাতক পলাশকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ভোরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ নিয়ে গুনারীতলা ইউনিয়ন পরিষদ সদস্য আকবার আলী গণমাধ্যমকে জানান, পারিবারিক কলহের জেরে বুধবার ভোরে স্বামী হারুন অর রশীদ পলাশের সঙ্গে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে শিশু তৌফিক ও তার মা শিখার মৃত্যু হয়।
পলাশ চর গোপালপুর গ্রামের ফজলু মেম্বরের ছেলে। ঘটনার পর বুধবার সকালে পলাশকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

