দেশে করোনায় আক্রান্ত ৩ লাখ ছাড়াল
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৪৮
৩৯ দিনে আরও ১ লাখ রোগী শনাক্ত হওয়ায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৫১৯ রোগী শনাক্ত এবং ৫৪ জনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে। পাশাপাশি আইইডিসিআরের হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ৩ হাজার ৪২৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছিল ৩ মাস পর গত ১৮ জুন; তার ঠিক এক মাসে (১৮ জুলাই) ২ লাখ রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের ১ লাখ রোগী শনাক্তে ৯ দিন বেশি লাগল।
বাংলাদেশে পরিস্থিতির উন্নতি ঘটছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষা কম হওয়ায় রোগীও ধরা পড়ছেন কম। ফি নির্ধারণসহ নানা কারণে নমুনা পরীক্ষায় মানুষের নিরুৎসহিত হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও স্বীকার করেছেন। সেই কারণে সম্প্রতি নমুনা পরীক্ষার ফি অর্ধেক কমিয়ে এনে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সন্দেহ হলেই নমুনা পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য অধিপ্তরের বুধবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭০টি। ৬ মাসে সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি।

