বাগেরহাটে করোনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৫০
করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯এ আক্রান্ত হয়ে বুধবার (২৬ আগস্ট) বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শুকদেব রায় চৌধুরী (৫০) মারা গেছেন।
তিনি বাগেরহাট শহরের শালতলার বাসিন্দা ছিলেন। সংগীত শিক্ষক হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার স্ত্রী এবং দুই ছেলে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় ১০ আগস্ট শুকদেব রায় চৌধুরীর নমুনা সংগ্রহ করা হয়। ১৫ আগস্ট তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২২ আগস্ট তাকে খুলনার করোনা বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে বুধবার পর্যন্ত নতুন করে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭২ জনে। এর মধ্যে মোট মারা গেছেন ১৯ জন এবং সুস্থ হয়েছেন ৭৫৮ জন। সূত্র – ইউএনবি।

