পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জিতলো বাংলাদেশ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১০:১৭
প্রাকৃতিকভাবে উৎপাদিত পলি গ্লুটামিক অ্যাসিডের সাথে মরিঙ্গা স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। গত ২৫ আগস্ট সুইডেনের রাজধানী স্টকহোমে ভার্চুয়ালি অনুষ্ঠিত ‘স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ ২০২০’ এর চূড়ান্ত পর্বে এ ঘোষণা দেয়া হয়। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জিতে নেয় বাংলাদেশ দল।
এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে জাপান এবং ডিপ্লোমা অব এক্সিলেন্স বিজয়ী ইউএসএ।
বিশ্বের ২৯টি দেশের প্রতিনিধিদল এবারের প্রতিযোগীতায় আইডিয়া সাবমিট করে। তার মধ্যে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় বাংলাদেশসহ সেরা ১২টি দলের পরিকল্পনা। সেরাদের যুদ্ধে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করে আদিত্য কুমার চৌধুরী এবং ইফতেখার খালেদ। দুজনেই মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী।
প্রতিবছর আগস্টে বিশ্ব পানি সপ্তাহে (ওয়ার্ল্ড ওয়াটার উইক) সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয় জুনিয়র ওয়াটার প্রাইজ প্রতিযোগিতা। তরুণদের পানি এবং পরিবেশগত বিষয়ে জড়িত হওয়ার জন্য অনুপ্রাণিত করতে এ আয়োজন করা হয়।
প্রতি বছর সুইডেনের স্টোকহোমে সরাসরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির জন্য সম্পূর্ণ ভিন্নভাবে অনলাইনেই আয়োজন করা হয়েছে এবারের প্রতিযোগিতা।

