পুরস্কার পেলেন পুলিশের ১৫ সদস্য

পুরস্কার পেলেন পুলিশের ১৫ সদস্য

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১৮:৫৮

কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানি প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব পুরস্কার প্রদান করেন।

পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং মানবিক দায়িত্ব পালনে পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের ভালো কাজকে উৎসাহিত করতেই এ ধরনের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত চারটি ঘটনার মধ্যে রয়েছে- জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের উদ্যোগ, আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেফতারে সাহসিকতা, আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং চকরিয়ার আলোচিত ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার।

পুরস্কার পেলেন হামলার শিকার ওসি-এসআই

গত ১৬ জুন রাজধানীর আদাবর থানার মফিজবাগ এলাকায় বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার শিকার হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই)। পুলিশের পাল্টা অভিযানে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধসহ মোট চারজন আটক হয়। এ ঘটনায় সাহসিকতার স্বীকৃতি হিসেবে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ ছয় পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

ড্রেনের মুখের ময়লা-আবর্জনা পরিষ্কার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১০ জুন রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের লুপ-টু অংশে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলে ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের কনস্টেবল মো. কামরুজ্জামান নিজ হাতে ড্রেনের মুখের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। এ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র দেওয়া হয়।

মা-মেয়েকে হত্যার ঘটনা উদঘাটন

চট্টগ্রামের আনোয়ারার চেনামতি এলাকায় মা ও মেয়েকে হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করে মূল আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানার চার সদস্যকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, এসআই শিমুল চন্দ্র দাস, এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা এবং কনস্টেবল মো. রিমন হোসেন।

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণে সাত আসামি গ্রেফতার

অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার এবং ভুক্তভোগীদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করায় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে রয়েছেন- পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো. মাসুদ, এএসআই সজীব দাস, কনস্টেবল মাহফুজুর রহমান এবং কনস্টেবল হেফাজত হোসেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading