দৌলতপুরে এমপির ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:২৭
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশার ফুফাতো ভাই হাসিনুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাতটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর বাজারে এই হামলার ঘটনা ঘটে। পরে পৌনে নয়টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত হাসিনুর রহমান দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মৃত ডা. জাকির হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির এরিয়া ম্যানেজার ছিলেন।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জব্বার নামে একজনের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি থেকে তিনি স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশেই একটি দোকানের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা মজিবর বয়াতি তার ওপর হামলা চালায়। হামলাকারী রামদা দিয়ে হাসিনুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারী পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের চালক জব্বার আলীও আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত।
তিনি জানান, ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পরপরই হামলাকারী মজিবর বয়াতিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

