এইচএসসি পরীক্ষা কবে হবে, ‘সিদ্ধান্ত হয়নি’
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:২৫
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ নিয়ে কোনও গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় শনিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সোশাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুকে পেইজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’,) খুলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হল, স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

