উহানের ১৪ লাখ শিক্ষার্থী স্কুলে ফিরছে ১ সেপ্টেম্বর

উহানের ১৪ লাখ শিক্ষার্থী স্কুলে ফিরছে ১ সেপ্টেম্বর

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:৫৫

চীনের উহান শহরের সব স্কুল আগামী মাসের প্রথম দিন (১ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ আগস্ট) সেখানকার স্থানীয় সরকার এক ঘোষণায় আগামী মঙ্গলবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে শরৎকালীন সেমিস্টারের পাঠদান শুরু করতে বলেছে।

এর আগে গত সপ্তাহে উহান বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহান শহরেই চীনের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছিল। প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর তালিকায় উহানের নাম সামনের কাতারে।

নতুন ঘোষণায় ১ সেপ্টেম্বর থেকে ১৪ লাখ শিক্ষার্থীর জন্য উহানের ২ হাজার ৮৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলে দেওয়া হচ্ছে। স্কুল খুলে দেওয়ার নির্দেশনায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার পথে মাস্ক পরে থাকতে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে শহর কর্তৃপক্ষ।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সংখ্যক সুরক্ষা উপকরণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম মজুদ করতে এবং নতুন করে প্রাদুর্ভাব দেখা দিলে কী কী করতে হবে সে সংক্রান্ত ড্রিল ও প্রশিক্ষণ ক্লাস নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ ফের বাড়তে দেখা গেলে কিংবা ঝুঁকির মাত্রা বদলালে শিক্ষার্থীদের আবার অনলাইন শিক্ষাদান পদ্ধতিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রস্তুত, বলেছে তারা। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading