পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৪৫
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল রবিবার (৩০ আগস্ট) সারাদেশে ১৪৪২ হিজরি সনের পবিত্র আশুরা পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গূরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত এক আলোচনা সভা, দোয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় জাতীয় মসজিদে পবিত্র আশুরার গূরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক জিলানী।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক আলমগীর হায়দার, মুফতি আব্দুল্লাহসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

