বাদল রায়-এর করোনা জয়
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৫৬
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইসপ্তাহেরও বেশি সময় ঘরেই ছিলেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায়। অবশেষে ১৭ দিন পর করোনামুক্ত হলেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) দ্বিতীয়বারের করোনা পরীক্ষায় শনিবার (২৯ আগস্ট) তার ফলাফল নেগেটিভ আসে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাদল রায় নিজেই।
জানা গেছে, গত ১১ আগস্ট অসুস্থ হয়ে পড়লে বাদল রায়কে ভর্তি করা হয় রাজধানীর আসগর আলী হাসপাতালে। সেদিন তার কোভিড-১৯ পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। তবে ডাক্তারের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিয়েছেন। কারণ, একটু গলা ব্যথা ছাড়া করোনার আর কোনো উপসর্গ ছিল না তার। বাদল রায় ছাড়া তার বাসায় কারও করোনা পজিটিভ ছিল না।
তিনি বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বাসার প্রত্যেকের করোনা পরীক্ষা করিয়েছিলাম। কারও পজিটিভ আসেনি। আমি শুক্রবার দ্বিতীয়বার পরীক্ষা করি এবং শনিবার রিপোর্ট পেয়েছি নেগেটিভ। করোনা পজিটিভ হওয়ার পর যারা আমার খোঁজ-খবর নিয়েছেন এবং আমার সুস্থতা কামনা করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

