হোটেলে গিয়ে প্রবাসী প্রেমিকের ধর্ষণের শিকার, আত্মহত্যা চেষ্টা
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩০
প্রেমিকের ধর্ষণের শিকার হয়ে মাদারীপুর শহরের ‘ভুঁইয়া ইন’ নামের আবাসিক হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছে এক শিক্ষার্থী। রবিবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ সহযোগী ৪ জনকে রবিবার রাতে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বায়েজিদ নামের এক ইতালি প্রবাসীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। এরই সূত্র ধরে বায়েজিদ ও তার সহযোগীরা মাদারীপুর শহরের ভুঁইয়া ইন আবাসিক হোটেলে নিয়ে যায় তাকে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করে বায়েজিদ। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী।
এ ব্যাপারে বায়েজিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ভুঁইয়া ইন হোটেলের ম্যানেজারসহ ৪ সহযোগীকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা প্রাথমিকভাবে হোটেল ম্যানেজারসহ ৪ জনকে আটক করেছি এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযুক্ত বায়েজিদ মাতুব্বর শিবচর উপজেলার নিলখী গ্রামের আক্কাস মাতুব্বরের ছেলে। ধর্ষণের স্বীকার ওই শিক্ষার্থীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীনন্দী গ্রামে।
ধর্ষণের স্বীকার শিক্ষার্থীর চাচাতো ভাই গণমাধ্যমকে জানান, ফেসবুকে পরিচয়ের পর তার সঙ্গে দেখা করতে এসে এই অবস্থা হয়েছে। প্রধান আসামি এখনও আটক হয়নি।

