রাতে বোনদের সাথে ঘুম, সকালে আধা কি.মি. দূরে মিলল লাশ
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১১:২৫
মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামের পুকুর থেকে রবিবার (৩০ আগস্ট) মিমি খাতুন (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিমি খাতুন শতখালী গ্রামের জরিপ মিয়ার বড় মেয়ে। তার স্বামীর নাম রাশেদুল ইসলাম পিন্টু।
বাবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরবর্তী পুকুর থেকে মিমির লাশ উদ্ধার করা হয়। তার স্বামী পিন্টু কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মিমি তার বোনদের সাথে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে মিমির মা মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরবর্তী নিমাই বোসের পুকুরে উপুড় হয়ে ভেসে থাকতে দেখে মিমিকে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়।
পিন্টুর পরিবারের সদস্যরা জানায়, পিন্টু এবং তার স্ত্রী মিমির মধ্যে সবসময় ভালো সম্পর্ক বিদ্যমান। কে বা কারা কিভাবে তাকে মেরেছে এ ব্যাপারে তারা কিছুই জানেন না।
শালিখা থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। -ইউএনবি

