বগুড়ায় ১৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৩৬
১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ বগুড়া সদর ও নন্দীগ্রাম থানা এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৩০ আগস্ট) বিকালে বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, শনিবার রাতে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানা এলাকায় পৃথক অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এ সময় নন্দীগ্রাম থানার ওমরপুর গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ আইনুল হক (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রবিবার বেলা সাড়ে ১১টায় সদর থানার নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুলের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাহাবুব প্রামাণিক (৪৫), সোহাগ (২৮), সোহান হোসেন ওরফে তুহিন (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় পৃথক মামলা হয়েছে। সূত্র – ইউএনবি

