পাবনা-৪ আসনে জাপার প্রার্থী রেজাউল করিম
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:১৫
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ রেজাউল করিম। সোমবার (৩১) বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মনোনয়ন বোর্ডের সভায় সাক্ষাৎকার শেষে মোঃ রেজাউল করিমকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়। জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড সভাপতি গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব ও মনোনয়ন বোর্ডের সদস্য সচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বোর্ডের সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মনোনয়ন বোর্ড সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এবং সমরেশ মন্ডল মানিক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার কথা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি। এদিকে এ শূন্য আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

