আমেরিকায় করোনায় আক্রান্ত ৬০ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৫৫
আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এটি সারা বিশ্বে মোট আক্রান্তের এক চতুর্থাংশ। এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। গত মধ্য জুলাইয়ের পর থেকে প্রতি চারদিন অন্তর বিশ্বে ১০ লাখ করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
ইন্ডিয়ায় গত রবিবার (৩০ আগস্ট) একদিনে সর্বোচ্চ ৭৮ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বে সংক্রমণ ও মৃত্যু দু’টোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি।
দেশটিতে সোমবার গ্রিনিচ মান সময় ১২:৫৯টায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ৬০০ জন। এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৮৭ হাজারেরও বেশি লোক। ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্য থেকে এমনটাই জানা গেছে।
করোনা মাহামারির কারণে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ আমেরিকার পরিস্থিতি টালমাটাল হয়ে পড়েছে। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় জয়ী হওয়ার বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে বিশ্বে এই মহামারী প্রতিরোধে কার্যকর কোনও ভ্যাকসিন এখনও আসেনি। ভাইরাস ছড়িয়ে পড়ারোধে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এখনও সামাজিক দূরত্ব ও লকডাউন এবং মাস্ক পরার ওপর ভরসা করছে।

