নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদন করবে বাংলাদেশ: শিল্পমন্ত্রী

নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদন করবে বাংলাদেশ: শিল্পমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:৪০

‘রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপানের মিটশুবিসি কর্পোরেশনের কারিগরি সহায়তায় মোটরগাড়ি উৎপাদন করবে। এটি হবে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি। এ লক্ষ্যে শিল্পমন্ত্রণালয় কাজ করছে।’ জানিয়েছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সাথে শিল্পমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ কথা জানান।

নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদনের লক্ষ্যে খুব শিগগিরই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি-২০২০ চূড়ান্ত করা হবে। এ নীতির আলোকে অটোমোবাইল শিল্পখাতে জাপানের কারিগরি সহায়তা প্রদানের সুযোগ উন্মক্ত হবে।

বৈঠকে বাংলাদেশের শিল্পখাতের জাপানি বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটর গাড়ি উৎপাদন, জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়ন ও শিল্প ডাটাবেজ তৈরিতে জাপানের কারিগরি সহায়তা,মোটরসাইকেল শিল্পের আধুনিকায়ন, বাংলাদেশে অটোমোবাইল ও হালকা প্রকৌশল শিল্প সংশ্লিষ্ট ভেন্ডর ইন্ডাস্ট্রির উন্নয়ন,মোটরসাইকেলের সার্টিফিকেশনের জন্য অটোমোবাইল টেস্টিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট স্থাপন এবং শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনে কারিগরি সহযোগিতাসহ দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসি’র সার কারখানাগুলোতে জাপান দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা নির্মাণেও জাপানের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর আধুনিকায়ন,কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল শিল্পের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ভেন্ডার উন্নয়নে বিনিয়োগে এগিয়ে আসতে জাপানী রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading