পাবনায় নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

পাবনায় নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

শাহীন রহমান । উত্তরদক্ষিণ
পাবনা: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:১৫

পাবনার চাটমোহরে প্রেম করে বিয়ের ৬ মাসের মাথায় জুসের মধ্যে কীটনাশক পান করিয়ে নববধূ আরিফা খাতুনকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেল হোসেন (১৮) ও তার পরিবারের বিরুদ্ধে।

খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের নিজ বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত গৃহবধূ আরিফা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে এবং অভিযুক্ত স্বামী রুবেল হোসেন আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ৬ মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আরিফাকে বিয়ে করে রুবেল হোসেন। মেয়ের পরিবার থেকে বিয়ে মেনে নিলেও ছেলের পরিবার প্রথম থেকেই মেয়েটিকে নানাভাবে নির্যাতন শুরু করে বলে অভিযোগ। ছেলের মা, খালা, মামারা যৌতুকের জন্য মেয়েটিকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। মেয়েটি প্রেম করে বিয়ে করেছে বলে বাবার বাড়িতে যৌতুকের বিষয়টি বলতে অপারগতা প্রকাশ করে। আরিফার স্বজনদের দাবি, তারই জেরে গত ২৫ আগস্ট রাতে কৌশলে জুসের বোতলে কীটনাশক মিশিয়ে আরিফাকে পান করায় স্বামী রুবেল ও তার পরিবারের সদস্যরা।

এরপর আরিফার শরীরে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরদিন ২৬ আগস্ট সকালে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় চিকিৎসকের নিকট নেওয়ার পরে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। কিন্তু চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাড়িতে নিয়ে আসার পরে গত ৫ দিন মেয়েটি অসহ্য যন্ত্রণায় ছটফট করে অবশেষে মঙ্গলবার সকালে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরেই নিহত গৃহবধূর বাড়িতে পুলিশ ফোর্স পাঠানো হয়। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading