বেনাপোল বন্দরে হাত বোমা বিস্ফোরণ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:০৫
যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর শেডের মধ্যে বুধবার (০২ সেপ্টেম্বর) একটি শক্তিশালী হাত বোমা বিস্ফোরিত হয়েছে। বিকালে বোমাটি মোটর পার্টস এর একটি চালানের মধ্যে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
তবে বিস্ফোরণের কারণে বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্টস ও লেবাররা আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকেন বলে জানান বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল।
তিনি জানান, বন্দরের ২৩ নং শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টুনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে পেচানো একটি হাত বোমা বিস্ফোরিত হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে আলামত সংগ্রহ করে নিয়ে যান।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। -ইউএনবি

