মসজিদ থেকে বের হয়েই প্রাণ গেল রেজাউলের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:০৮
মেহেরপুর জেলার গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী হাসপাতাল বাজারে বুধবার (০২ সেপ্টেমবর) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের খোদা বক্সের ছেলে।
নিহতের আত্মীয় যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ জানান, রেজাউল উপজেলা পরিষদ জামে মসজিদে নামাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা তিনজন বহনকারী একটি মোটরসাইকেল চাপা দিলে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতাল এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পরপরই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও ধর্মচাকী গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাগর হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। সাগর পড়ে গিয়ে আহত হওয়ার কারণে বর্তমানে গাংনী হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

