সাহেদ ফের ৮ দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৭:৩৫
রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত মামলায় আরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বিভিন্ন মেয়াদে সাহেদের ৫৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাহেদের আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
এর আগে গত ২৬ জুলাই উত্তরা পশ্চিম থানার পৃথক তিন মামলায় ও উত্তরা পূর্ব থানার এক মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত সংস্থা র্যাব। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় ৭ দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর গত ১৬ জুলাই উত্তরা পশ্চিম থানার প্রতারণা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১৫ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র্যাব।

