শপথ নিয়েছেন আপিল বিভাগের নতুন ২ বিচারপতি

শপথ নিয়েছেন আপিল বিভাগের নতুন ২ বিচারপতি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৮:১৮

বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই দুই বিচারপতি হলেন— বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত এই দু’জন বিচারককে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দুই বিচারপতি নিয়োগের মধ্যদিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জন।

বিচারপতি তারিক উল হাকিম
১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই বিচারপতির বাবাও ছিলেন বিচারপতি। তার বাবার নাম বিচারপতি মাকসুম উল হাকিম। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার স্ত্রী নাসিমা কে. হাকিম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত আছেন। মেয়ে রাইসা ফাবিয়া তানিশা হাকিম ও ছেলে আসওয়াদ ওয়ারিস হাকিম ইংল্যান্ডে আইন নিয়ে পড়ালেখা করছেন।

বিচারপতি ওবায়দুল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এরও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading