সিলেটে কিশোরীকে ১৫ দিন আটকে রেখে ‘ধর্ষণ’, আটক ২
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:১৫
সিলেটে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর ১৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবক ও তার সহযোগী এক নারীকে আটক করেছে পুলিশ। আটকের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সাদিকুর রহমান (২২) গত ১৮ আগস্ট দুপুর দেড়টার দিকে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে। পরে তার সহযোগী এক মহিলার বাসায় আটকে রেখে ১৫ দিন ধরে জোরপূর্ব ওই কিশোরীকে ধর্ষণ করে সাদিক।
এদিকে কিশোরী নিখোঁজের পর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়। সেই জিডির ভিত্তিতে জালালাবাদ থানার এসআই কাজী জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অনুসন্ধান চালিয়ে বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল মাজার থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর ওই কিশোরী পুলিশকে জানায়, সাদিকুর রহমান তাকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে ১৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেছে।
পরে ভিকটিমের পিতা আব্দুর নুর বাদি হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে মইয়ারচর এলাকা থেকে আসামি সাদিকুর রহমান ও তার সহায়তাকারী নারীকে (৪৩) গ্রেপ্তার করে। পরে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওই কিশোরী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

