গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:৩৯

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশে উল্টে পড়ে নারীসহ অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিএমএস টেক্সটাইলের শ্রমিকবাহী বাসটি সকালে উপজেলার মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে উল্টে যায়।

এ সময় বাসের ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকজন নারী শ্রমিকও আহত হন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের বাস থেকে বের করে আনেন। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার আহত শ্রমিকরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

প্রাথমিকভাবে বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা কিংবা সড়কের পরিস্থিতির কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহত শ্রমিকদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এতে হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading