প্রধানমন্ত্রীর ‘সম্মতিতে’ খালেদার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত

প্রধানমন্ত্রীর ‘সম্মতিতে’ খালেদার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:২০

‘মানবিক দিক বিবেচনা করেই’ বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা আবারও ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘চিকিৎসার দিক বিবেচনা করে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছিল ৬ মাসের জন্য। করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসা ভালোভাবে করা যায়নি। সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর হয়েছে। এটায় মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি আছে। এখানে কোনো রাজনৈতিক চাপের বিষয় নেই। একেবারে মানবিক কারণে সেই সিদ্ধান্ত।’ শুক্রবার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। একই মামলায় হাইকোর্ট তার দণ্ড বাড়িয়ে ১০ বছরের করে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ৭ বছরের সাজার রায় হয়। দণ্ডপ্রাপ্ত হয়ে ২ বছরের বেশি কারাগারে থাকার পর পরিবারের আবেদনে করোনাভাইরাস মহামারীর মধ্যে গত ২৫ মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিত করে নির্বাহী আদেশে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার।

ওই মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই পরিবারের পক্ষ থেকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এর ধারাবাহিকতায় আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার জানান, খালেদা জিয়ার দণ্ডের কার্যকারিতা আরও ৬ মাসের জন্য স্থগিত রাখার বিষয়ে সম্মতিসূচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্তগ্রহণ করবে। এর একদিন পর সরকারের নীতি নির্ধারক সেতুমন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে খালেদা জিয়ার সাজার আরও ৬ মাস স্থগিত করা হয়েছে। ফলে আগামী বছরের মার্চ পর্যন্ত মুক্ত অবস্থায় দেশে থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading