ভেতরে গরম লাগায় ইমারজেন্সি গেট খুলে বিমানের পাখায় পায়চারি যাত্রীর
উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:১০
বিমানের ভিতরে গরম লাগায় মুক্ত বাতাস নিতে ইমারজেন্সি দরজা খুলে, বিমানের পাখার উপরে পায়চারি করলেন এক নারী। ভাবছেন ভুল পড়ছেন! মোটেই না। একেবারে হুবহু এই কাণ্ডই ঘটেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি। মহিলার আজব কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে।
দি সান’র খবরে জানা গেছে, দুই সন্তানের মা ওই নারী তুরস্ক থেকে ছুটি কাটিয়ে বাণিজ্যিক বিমানে দেশে ফেরেন। বিমান ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে অবতরণ করার পর অত্যন্ত গরম বোধ করেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জানিয়ে কোন সমাধান না পেয়ে নিজেই ইমারজেন্সি দরজা খুলে পাখার ওপরে নেমে পড়েন।

বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর অবশ্য ফের ভিতরে প্রবেশ করেন। কিন্তু ততক্ষণে তাঁর এই কাণ্ড ক্যামেরাবন্দি করে ফেলেন বহু সহযাত্রী। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। পরে ওই নারীর শারীরিক পরীক্ষা করা হয় মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন কিনা। কিন্তু তার কোন প্রমাণ পাওয়া যায়নি। ওই নারী জানান, গরম লাগার কারণেই তিনি এরকম করেছেন।

